ফল ছাড়া অধিকাংশ খাবার সাধারণত সিদ্ধ করেই খাওয়া হয়ে থাকে। তবে কিছু কিছু খাবার কাঁচা খাওয়ার প্রবণতাও রয়েছে অনেকের মধ্যে। কিন্তু পুষ্টিবিদদের মতে, কিছু খাবার কাঁচা খেলে স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, নিচের পাঁচটি খাবার সেদ্ধ করেই খাওয়া উচিত।
ডিম
অনেক শরীরচর্চা প্রেমী মানুষ কাঁচা ডিম খেয়ে থাকেন বেশি প্রোটিন পাওয়ার আশায়। কিন্তু পুষ্টিবিদদের মতে, এতে সালমোনেলা নামক জীবাণুর সংক্রমণ ঘটতে পারে, যা খাদ্যবাহিত বিষক্রিয়ার কারণ হতে পারে। তাই ডিম অবশ্যই সিদ্ধ করে খাওয়াই নিরাপদ।
আলু
কাঁচা আলুতে রেজিস্ট্যান্ট স্টার্চ থাকায় তা অন্ত্রের জন্য উপকারী হতে পারে বলেও কেউ কেউ দাবি করেন। তবে এতে থাকা সোলানিন ও নেকটিন নামক বিষাক্ত উপাদান শরীরে গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। সেজন্য আলু অবশ্যই রান্না করে খাওয়াই সঠিক।
মাছ ও সামুদ্রিক খাবার
সুশি বা সাশিমির মতো জনপ্রিয় খাবারে কাঁচা মাছ ব্যবহৃত হলেও, এতে থাকতে পারে ক্ষতিকর পরজীবী, ব্যাকটেরিয়া বা পারদের মতো পদার্থ।
নুডলস ও পাস্তা
রান্না না করা নুডলস বা পাস্তা হজমে সমস্যা তৈরি করতে পারে। কাঁচা অবস্থায় এগুলিতে স্টার্চ জমাট বাঁধা থাকে এবং এতে থাকা লেকটিন ও ফাইটেটস শরীরের পুষ্টি গ্রহণে বাধা দেয়। তাই এগুলোও সিদ্ধ করেই খাওয়া শ্রেয়।
চাল
কেউ কেউ কাঁচা চাল খাওয়ার অভ্যাস তৈরি করলেও এতে ‘ব্যাসিলাস সিরিয়াস’ নামের একটি ব্যাকটেরিয়া থাকতে পারে। যা খাদ্যে বিষক্রিয়া ঘটাতে পারে। নিরাপদ থাকতে হলে চালও অবশ্যই সিদ্ধ করেই খেতে হবে।
খাবারে পুষ্টির পাশাপাশি নিরাপত্তাও জরুরি। তাই কোন খাবার কীভাবে খাওয়া উচিত, সে বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। কাঁচা খাওয়ার আগে জেনে নিন তার ঝুঁকি এবং সিদ্ধ করেই খান নির্ভয়ে।
